জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ নিয়ে গণশুনানি
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৬:১৮:২৩ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় ২০২৫-২৬ অর্থ বছরের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ-এর সভাপতিত্বে বিভিন্ন স্থানে এই উন্মুক্ত সভাগুলো অনুষ্ঠিত হয়। সকালে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী চাঁন মিয়া, সমাজসেবক নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইছরাক আলী, ইউপি সদস্য কাউছার তালুকদার, জাকির হোসেনসহ কৃষক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, হাওর এলাকার কৃষি ও কৃষকের জীবন রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ এবং সময়মতো মেরামত অপরিহার্য। প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়। বেলা ২ টায় পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া বাজারে গণশুনানি অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে আরো একটি সভা অনুষ্ঠিত হয়।





