খালেদা জিয়ার পাশে হাসপাতালে জুবাইদা
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪২:২৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টানা ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নেয়া খালেদা জিয়াকে দেখতে রোববার বিকেলে হাসপাতালে যান তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিকেল পৌনে ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান, এসময় তার নিরাপত্তা নিশ্চিত করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। হাসপাতালের সামনে যদিও নেতাকর্মীদের তেমন কোনো ভিড় দেখা যায়নি, তবে কিছু পথচারী থমকে দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন। এরপর তাকে চিকিৎসার জন্য সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয় এবং নিবিড় চিকিৎসা চলমান রয়েছে।





