শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৬:৩৩:৩২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত প্রায় সাড়ে ৮টায় ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় ব্রিজ সংলগ্ন মিরাস মাস্টার এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন- শুকুর আলী, এরশাদুল, সাহারুল, কামরুজ্জামাল, জাকির হোসেন, সেলিম আহমদ, ইসমাইল আলী ও মনছব উল্লাহ।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।




