শান্তিগঞ্জে জেলা প্রশাসন হাই স্কুলের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৬:৪৯:১৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া।সোমবার সকাল ১১টায় উপজেলার আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরপাশে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ফল প্রকাশ এবং শিক্ষা ক্ষেত্রে ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করে।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ।
জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া বিদায়ী ইউএনও সুকান্ত সাহার ভূমিকার প্রশংসা করে বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ সত্যিই অনন্য। এখানে একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা প্রয়োজন, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।





