আজ রোকেয়া দিবস সিলেটে নানা কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আজ ৯ ডিসেম্বর, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন। ১৯৩২ সালের এই দিনেই মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি পালনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে নানান কর্মসূচী নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হবে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
এদিকে রোকেয়া দিবস উপলক্ষে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক ২০২৫ দেওয়া হচ্ছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।





