কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান আরও বিস্তৃত করতে হবে : শাবি প্রো-ভিসি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৮:২৮:১০ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আমাদের জ্ঞান আরও বিস্তৃত করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বহু মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আরও এগিয়ে নিতে সক্ষম। তিনি গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জনস্বাস্থ্য বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ওপর একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করা হোক। সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অন্যান্য বিভাগের অ্যালামনাইরাও এখান থেকে অনুপ্রেরণা পেতে পারেন। এ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আল-আমিন। অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগারির ফ্যামিলি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. তানভীর তুরিন চৌধুরী। সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হকের সভাপতিত্বে ও বিভাগের অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।





