শাবিতে একাডেমিক রাইটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩:৩৫ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাইটিং সেন্টারের উদ্যোগে উদ্যোগে মাস্টার্স, এমফিল ও পিএইডি পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মাস্টারিং একাডেমিক রাইটিং: ফ্রম প্ল্যানিং টু প্রোডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, বর্তমান বিশ্বে একাডেমিক ও সায়েন্টিফিক গবেষণার মান অনেকটাই নির্ভর করে যথাযথ একাডেমিক রাইটিং দক্ষতার ওপর। সুসংগঠিত ও মানসম্মত গবেষণা-লেখাই একটি গবেষণার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে পারে। আমরা এমন এক চমৎকার শিক্ষাবান্ধব ও গবেষণা সহায়ক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি গবেষণা-প্রস্তুতির প্রতিটি ধাপে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে। শিক্ষার্থীরা যেন নিজেদের একাডেমিক সক্ষমতাকে আরও বিস্তৃত করতে পারে এটাই আমাদের মূল প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের স্থান নয়, এটি একটি একাডেমিক এক্সিলেন্স হাব, যেখানে জ্ঞানচর্চা ও গবেষণার উৎকর্ষ সাধনই মূল লক্ষ্য। আমরা যত ভালো গবেষণা-কার্যই পরিচালনা করি না কেন তা প্রকাশিত না হলে তার প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। গবেষণাকে মূল্যবান ও প্রভাবশালী করতে প্রকাশনা অপরিহার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস্ট রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ। সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন।





