জেলা প্রশাসনের অভিযানে যানবাহন আটক ও জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর যানজট নিরসন ও ব্যস্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে, সিলেট সিটি কর্পোরেশন এবং মহানগর পুলিশের সহযোগিতায় নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, মিরবক্সটুলা, কাজিটুলা, শাহী ঈদগাহ, আম্বরখানা, দরগাগেইট, লামাবাজার, তালতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আম্বরখানা থেকে চৌহাট্টা রোডে রাস্তায় গাড়ি পার্কিং করে রাখার দায়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একটি বাস (সিলেট-জ-০৪০০৩১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এছাড়া চৌহাট্টা থেকে মিরবক্সটুলা রোডে রাস্তায় ওষুধ কোম্পানির সেলসম্যানদের গাড়ি থেকে মোট ১৯টি মোটরসাইকেলের হেলমেট জব্দ করা হয় এবং রাস্তায় গাড়ি না রাখার জন্য তাদের হুশিয়ারি দেওয়া হয়। একই অভিযানে আম্বরখানা পয়েন্টের হাজী বিরিয়ানি রেস্টুরেন্টকে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: রাকিবুল আলম বলেন, নগরীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এমন অভিযান ধারবাহিকভাবে চলমান থাকবে।





