দলদলি চা বাগানে আগুনে পুড়ে ছাই শ্রমিকের ঘর
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৮:৫৩:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ভয়াবহ অগ্নিকাণ্ডে সিলেটের চা বাগান এলাকায় এক চা শ্রমিকের বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল প্রায় ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত কারণে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে ভস্মীভূত করে দেয়। বাড়ীটির মালিকের নাম সর্বন দাস (৩৮)। দীর্ঘদিন ধরে চা শ্রমিক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ইতালিতে থাকেন।
স্থানীয়রা জানান, সর্বন দাসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো সকালবেলা পরিবারের সদস্যরা ঘরের বাইরে কাজ করছিলেন। ঠিক সে সময় হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই ছুটে যান। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ির আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যায়।
সর্বন দাসের স্ত্রী সঞ্চু দাস জানান, আগুনে পুড়ে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সম্ভাব্য ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় জীবন যাপন করছে। প্রশাসনসহ সামর্থবানদের সহযোগিতা চেয়েছেন তারা।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বির আহমদ জানান, বাড়ীটি ছিল নির্জন। গাড়ী যাতায়াতের সুযোগ নেই। মোটরসাইকেল ছাড়া সেখানে যাওয়াও যায়না। আগুন লাগার সাথে সাথে সব পুড়ে ছাই হয়ে যায়। আশপাশে বাড়ীঘর ও অন্য লোকজন না থাকায় এবং ফায়ার সার্ভিস যাওয়ার সুবিধা না থাকায় সব পুড়ে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হতে পারে।





