৭ দিনে প্রবাসীরা পাঠালেন সাড়ে ১০ হাজার কোটি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৯:১৬:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি ডিসেম্বর মাসের প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৮৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১০ হাজার ৬৮৭ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে রোববার (৭ ডিসেম্বর) দুই হাজার ৯৭৬ কোটি ৮০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম ৭ দিনে প্রবাসী আয় এসেছিল ৬১ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ১০ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৯১ কোটি ৫০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৭৫ কোটি ৪০ লাখ ডলার।





