আইফোনের লোভে বন্ধু খুন!
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭:৫৭ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের লোভে বন্ধুর হাতে সহজ সরল বন্ধু খুনের অভিযোগ উঠেছে সিলেটের বিয়ানীবাজারে। নিখোঁজের তিনদিন পর বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামের ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় নিখোঁজ ইমন আহমদ (২০) নামের তরুণের মরদেহ উদ্ধার করা হয়। সে কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের তার বন্ধু আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, নিহত ইমন আহমদ একটি দামী আইফোন ব্যবহার করে ভিডিও তৈরি করতো। ওই ফোনের প্রতি দুর্বলতা ছিল বন্ধু আশরাফুলের। ফোন ছিনতাই বা চুরিকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটতে পারে বলে তাদের ধারনা। আশরাফুলের দেয়া তথ্যেই ইমনের লাশের সন্ধান পায় পুলিশ, তাই আশরাফুলই এই ঘটনার মূল হোতা, তবে ঘটনার সাথে আরও অনেকেই জড়িত থাকতে পারে।
কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা জানান, ইমন সরল প্রকৃতির ছেলে, গত তিনদিন থেকে সে নিখোঁজ ছিলো। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় আশরাফুল নামের এক তরুণকে আটক করা হয়েছে। আশরাফুলের সাথে ইমনের ব্যক্তিগত কোনো বিরোধ ছিলোনা, আইফোনের জন্যই প্রাণ হারাতে হয়েছে ইমনকে। এটি পরিকল্পিত হত্যাকান্ড, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





