র্যাবের অভিযানে বিপুল ফেনসিডিলসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকার মেজবান হোটেলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভোলাগঞ্জের একটি আবাসিক হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের দল ঘটনাস্থলে গেলে দু’জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, একটি ট্রাকের বডির ভেতরে ফেনসিডিল রাখা আছে। পরে ট্রাক তল্লাশি করে প্লাস্টিকের দুইটি বস্তায় থাকা মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম সজল বিশ্বাস (৩৫)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার তিরাশি এলাকার সমিরন বিশ্বাসের ছেলে।
বুধবার (১০ ডিসেম্বর) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





