সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:০২:৩৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে নিজ দফতরে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। গতকাল বুধবার দুপুরে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেয়। এতে কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন অর্থ উপদেষ্টা।
জানা গেছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে তার নিজ দফতরে অবরুদ্ধ করে রাখে। এ সময় কর্মচারীরা বেতনের ২০ শতাংশ ভাতার দাবি জানান। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মচারী এতে অংশ নেন। পরে অর্থ উপদেষ্টা দাবি বিবেচনার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।





