আইজিপি বাহারুল আলমকে গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:০৪:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। পরে তিনি জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইজিপি বাহারুল আলমকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটকারী জানান, সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটি বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা এই রিট করেছি। বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি তৎকালীন এসবির দায়িত্বে ছিলেন। যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়, সেহেতু এই অবস্থায় ওনাকে দায়িত্বে রাখলে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। এজন্য আমরা ওনাকে বরখাস্তের পাশাপাশি আইনের আওতায় আনতে গ্রেফতার চেয়ে রিটটি করেছি।
এর আগে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় গত ৪ ডিসেম্বর আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। ওইদিন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠান।
প্রসঙ্গত, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।





