মেন্দিবাগে সরকারী জায়গা উদ্ধারে সওজ’র অ্যাকশন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:১৬:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত বাসা-বাড়ীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ-সওজ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সড়ক ও জনপথ বিভাগ সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে দখলে থাকা অন্তত ৪/৫টি বাড়ী এবং সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়।
এদিকে স্থানীয়দের অনুরোধের ভিত্তিতে আগামী শনিবার পর্যন্ত সময় দেয়া হয়। এর মধ্যে নিজ দায়িত্বে ঘর-বাড়ী সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় শনিবার অবৈধ দখলে থাকা জায়গায় থাকা সকল স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ-সওজ সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী আমির হোসেন দৈনিক জালালাবাদকে বলেন, সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আগে সড়ক ও জনপথের স্টাফ কোয়ার্টার ছিল। এরপর একটি পক্ষ মামলা দায়ের করে ঘরগুলো দখলে নেয়। শেষ পর্যন্ত আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা একাধিকবার তাদেরকে জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও তারা সরে যান নি। তাই বাধ্য হয়ে আমরা বুধবার অভিযান চালাই।
তিনি বলেন, স্থানীয়দের অনুরোধের প্রেক্ষিতে মানবিক কারণে আমরা আরো ৩ দিন সময় দিয়েছি। তাদেরকে বলেছি শনিবারের মধ্যে ঘর-বাড়ী থেকে আসবাবপত্র না সরিয়ে নিলে আমরা সম্পূর্ণ উচ্ছেদ করতে বাধ্য হবো। কারণ সিলেট-তামাবিল ৬ লেনের কাজ শীঘ্রই শুরু হবে। ঐ এলাকায় ৬ লেনের সাথে সম্পৃক্তদের থাকার ব্যবস্থা করা হবে।





