কুলাউড়ায় চা-বাগান শিশু শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬:৩২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগান, রাঙ্গীছড়া চা বাগান ও কালিটি চা বাগানের শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে টি ওয়ার্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। শুক্রবার ‘চা বাগানের শিশুর হাসিতে শীতের সূর্য জ্বলে উঠুক’ শ্লোগানকে সামনে রেখে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসোসিয়েশনের সভাপতি সৌরজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর চা বাগানের ডেপুটি ম্যানেজার জাবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ইউপি সদস্য বাবু রামবিলাস দোসার, স্বজ্ল বড়কুর্মী, ধনরাজ দাস, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, প্রচার সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন চা-বাগানের মোট ২০০ জন শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসোসিয়েশন সভাপতি সৌরজিৎ দাস বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো চা বাগানের শিশুদের শিক্ষা সহায়তা প্রদান করা। তারা যেন নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে আমরা সবসময় তাদের পাশে থাকতে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রী, অভিভাবকসহ সকলেই টি ওয়ার্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের এই উদ্যোগের প্রশংসা করেন।





