কমলগঞ্জে মবশ্বির আলী বালক বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাম্প উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯:০৮ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী বাৎসরিক ‘স্টুডেন্ট ক্যাম্প’-এর উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্কুল কমপ্লেক্সে তাঁবু জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গাজির গীত পরিবেশনা।
আয়োজকরা জানান, বিদ্যালয়ে টানা পাঁচ দিনব্যাপী এই বাৎসরিক স্টুডেন্ট ক্যাম্পে বিদ্যালয়ের ৩৮ জন্য শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা এই দিনগুলোতে সকাল সাড়ে ৫টায় শরীর চর্চা দিয়ে শুরু করে রাত ১০টা পর্যন্ত খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা, প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় কাজ, প্রাথমিক চিকিৎসা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কাজের মধ্য দিয়ে কাটাবে। এছাড়াও ভ্রাতৃত্ববোধ শিখবে, ব্যায়াম শিখবে, শৃঙ্খলা শিখবে। শিখানো হবে যা শারীরিক ও মানসিক বিকাশের জন্যে দরকার। কিছু কলাকৌশল শিখানো হবে যা তাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে।





