কোম্পানীগঞ্জে বিজিবির উপর মাদক ব্যবসায়ীদের হামলা
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৩:১৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বেপরোয়া মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছে বিজিবি সদস্যরা। এ সময় তাদের হামলা থেকে বাঁচতে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে বিজিবি। শনিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ট্রলির লাইন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালাইরাগ বিওপির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার।
জানা যায়, কালাইরাগ বিওপির নায়েক সুবেদার আলমগীরের নেতৃত্বে রাত আড়াইটায় বিজিবির একটি টিম টহলে বের হয়। তাদের কাছে সংবাদ আসে ভোর রাতে ১২৫৪ এর ৭এস পিলারের ৯০০ গজ দূরে ট্রলির লাইন এলাকা দিয়ে মাদকের চালান আসবে। তখন বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৫টায় ঐ এলাকায় টহলে থাকা অবস্থায় মোটরসাইকেল দিয়ে মাদক পাচার করবার সময় মাদক কারবারিদের ধাওয়া দিলে ১৬৭ বোতল মদ ও মোটরসাইকেল রেখে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ২০/২৫ জন মাদক কারবারি একত্রিত হয়ে টহলরত বিজিবি সদস্যদের উপর হামলা করে। এসময় তারা বিজিবি সদস্যদের উপর ঢিল ছুঁড়তে থাকে। তখন মাদক কারবারিদের আক্রমণ থেকে বাঁচতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বিজিবি। পরে হামলাকারী মাদক কারবারিরা পালিয়ে যায়।
কালাইরাগ বিওপির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার জানিয়েছেন মাদক আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয় বিজিবি সদস্যরা। পরে সেখানে ফাঁকা গুলি ছুঁড়েন বিজিবি সদস্যরা।





