কেমুসাস বইমেলায় গান প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩৬:১০ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সহসভাপতি মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক বলেছেন, গান মানুষের হৃদয়ের ভাষা। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-ভালোবাসা-সব অনুভূতির প্রকাশ ঘটে সুরের মাধ্যমে। একটি সুস্থ, মানবিক ও সংস্কৃতিবান সমাজ গঠনে সংগীতের ভূমিকা অপরিসীম। কেমুসাস এর উদ্যোগে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলার ষষ্ঠ দিনে গান প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শনিবার বিকালে বইমেলা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বইমেলা উপকমিটির সদস্যসচিব কামরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বইমেলা উপকমিটির সদস্য কবি অ্যাডভোকেট কামাল তৈয়ব, ভ্রমণলেখক মোয়াজ আফসার, কণ্ঠশিল্পী শামসুল ইসলাম খান ও সিলেট আইডিয়াল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আহমদ হোসাইন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক। বিচারক হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী শামসুল ইসলাম খান, কণ্ঠশিল্পী সুজাউল কবির শামীম, কণ্ঠশিল্পী আহমদ হোসাইন ও কণ্ঠশিল্পী ওমর ফারুক।
গান প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘খ’ গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ‘গ’ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘ঘ’ গ্রুপে কলেজ বিশ্ববিদ্যালয় সমমানের শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি





