অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যের বার্তা
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫২:৪৩ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

জালালাবাদ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবে তুলে ধরে ঐক্যের বার্তা দিলো বিএনপি, জামায়াত ও এনসিপি। দলের নেতারা বলেছেন, হাদিকে গুলি জুলাই অভ্যুত্থানকে ‘নস্যাৎ করার অপচেষ্টা’। নেতারা প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ষড়যন্ত্র ঠেকাতে তাঁরা দ্বন্দ্ব ভুলে এক থাকবেন।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে অনুষ্ঠিত বৈঠকে দলগুলোর নেতারা এই বার্তা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা ‘পূর্ব-পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের’ অংশ; এর পেছনে ‘বিরাট শক্তি’ কাজ করছে।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। এই আক্রমণটি খুবই ‘সিম্বলিক’। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। কোনো ধরনের অপশক্তিকে আমরা বরদাস্ত করব না। আমাদের মধ্যে যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক না কেন, জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরামর্শ দেন বিএনপির এই নেতা।
জামায়াত সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের নানা বক্তব্য একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। আমাদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। জাতিকে বিভক্ত করে এমন কথা আমরা কেন বলব? সব দলকে তাদের কমিটমেন্ট ঠিক করতে হবে।
এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু লোক এই অভ্যুত্থানকে ‘খাটো’ করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে। সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারাও এর ভুক্তভোগী হবে। কেউই একা সরকার চালাতে পারবে না। জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ‘ন্যারেটিভ’ তৈরি করা হচ্ছে, যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকতে না পারলে কোনো নিরাপত্তাই আমাদের কাজে আসবে না। রাজনৈতিক স্বার্থে দলগুলো আওয়ামী লীগকে নানা রকম সুযোগ তৈরি করে দিচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের চিন্তা করতে হবে-ভবিষ্যতের জন্য আমরা কী করতে পারি। শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে।
ড. আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘হানাহানি’ শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। আপনাদের শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকতে হবে।
বৈঠকে ওসমান হাদি ওপর হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো। আগামী দু-একদিনের মধ্যে এই সভা হবে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। এ ব্যাপারে দলগুলো সুদৃঢ় অবস্থান নেওয়ার কথা বলেছেন তারা।
এছাড়া নির্বাচনের আগে কঠোরভাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার ওপর জোর দিয়েছেন রাজনৈতিক নেতারা।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।




