মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:২৫:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। গতকাল শনিবার বিকেলে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক নাজমুল হোসেন বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রোববার দুপুরের পর ফল প্রকাশ করা যাবে বলে আশাবাদী।
গত শুক্রবার সকাল ১০টায় সিলেটের তিনটি কেন্দ্রসহ দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা শুরু হয়। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ হাজার ৮০৭জন পরীক্ষার্থী। এছাড়া আদালতের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেহাল আহমেদ নামের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সবমিলিয়ে সিলেট ভেন্যুতে মোট ৪ হাজার ৮০৮জন শিক্ষার্থী এমবিবিএস-বিডিএস পরীক্ষায় অংশগ্রহণ করে।
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি।
এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে। এবারের পরীক্ষায় ৯৮.২২ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিতির গড় হার ১.৭৮ শতাংশ।





