প্রফেশনালিজম তৈরি করেই সত্যিকারের প্রফেশনাল হতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:৪০:০৬ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব সদস্যদের নিয়ে ‘মেম্বার ফ্যামিলি ডে ২০২৫’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
সিলেটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব সদস্যদের নিয়ে ‘মেম্বার ফ্যামিলি ডে ২০২৫’। কয়েক বছর পর এই আয়োজন ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় রূপ নেয়। শনিবার সিলেটের দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা কনভেনশন হলে আয়োজিত এই মিলনমেলায় অতিথি হিসেবে যোগ দেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল মালিক (এমএ মালিক), সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত এসপি সম্রাট হোসেন প্রমুখ।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। তিনি বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। অনেক বিদগ্ধ মানুষ, সমাজের সর্বশ্রেষ্ট মানুষ থেকে বিভিন্ন স্তরের লোকজন এই পেশায় সমবেত হয়েছেন। এমন পরিবেশে আমি থাকতে পেরে আনন্দ লাগছে।
তিনি বলেন, আগের চেয়ে সাংবাদিকতার পরিধি বেড়েছে। এই বিশাল পরিধিতে একজন সাংবাদিক কাজের মাধ্যমে নিজেকে শ্রেষ্ট মানুষ হিসেবে তৈরি করা সম্ভব। আজকের এই দিনে সততা, নৈতিকতাকে সমুন্নত রেখে সাংবাদিকতাকে প্রমোট করা প্রয়োজন। সারা পৃথিবীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বহু সাংবাদিক তাদের কর্মের মধ্য দিয়ে জগৎশ্রেষ্ট সাংবাদিকে পরিণত হয়েছেন। সুতরাং, প্রফেশনালিজম তৈরি করেই সত্যিকারের প্রফেশনাল হতে হবে।
তিনি সাংবাদিকদের পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং রিফ্রেশমেন্টের নিয়মিত আয়োজন জরুরি বলে মত দেন। এর আগে, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাস অনেক সমৃদ্ধ। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এই অঞ্চলে বস্তুনিষ্ট সাংবাদিকতার চর্চা লক্ষ্য করা যায়।
তিনি বলেন, সিলেট প্রেসক্লাব সদস্যরা পেশাগত ব্যবস্ততার মাঝে নিজের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে’র আজকের যে আয়োজন করেছে তাতে থাকতে পেরে ভালো লাগছে। তিনি সবার সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। এখানে বহু গুণী সাংবাদিকের জন্ম হয়েছে। যুগ যুগ ধরে এই ক্লাব তার ঐতিহ্য ধারণ করে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করছেন। তিনি সবার সমৃদ্ধি কামনা করেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ফ্যামিলি ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক সিলেট মিরর এর প্রধান বার্তা সম্পাদক জিয়াউস শামস শাহীন, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক ও সাবেক সহসভাপতি এমএ হান্নান, সিনিয়র সাংবাদিক বদরুদ্দোজা বদর, আব্দুস সবুর মাখন, মুহাম্মদ আমজাদ হোসাইন, হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার সম্পাদক কবির আহমদ, কার্যনিবাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিকেলে মাহা-সিলেট প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার। পরে, মেম্বারস ফ্যামিলি ডে উপলক্ষে ক্রীড়া ইভেন্টর পুরস্কার ও ফ্যামিলি ডে গিফট বিতরণ করা হয়।





