এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৬৬.৫৭ শতাংশ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩৪:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
তথ্য অনুযায়ী, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ণ, ফলাফল চূড়ান্তকরণ ও পূনঃনিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হয়। সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে ভর্তির জন্য সাধারণ আসন ও সংরক্ষিত আসনসমূহে প্রার্থীর জাতীয় মেধা ও পছন্দক্রম অনুসারে আসন বন্টন করা হয়েছে।
সংরক্ষিত আসনসমূহে ও নিজ নিজ শ্রেণির দাবীদারদের মধ্য হতে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীর অর্জিত মেধাক্রম এবং কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থী কোনো কলেজে ভর্তি হবেন তা, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও https://result.dghs.gov.bd হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে MBBS Result 2025-2026 লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৮.২২ শতাংশ। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি।





