বাহুবলে লীগ নেতার উপস্থিতিতে বুদ্ধিজীবী দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:০৮:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে নিষিদ্ধ রাজনীতির পরিচয়ধারী নেতার উপস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।রোববার সকাল ১১টায় বাহুবল উপজেলার রশিদপুর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান বাহুবল সদর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান (ছাবু) অংশগ্রহণ করেন। প্রশাসনিক আয়োজনে নিষিদ্ধ রাজনৈতিক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. মাহবুব ইসলাম ও থানার ওসি মো. সাইফুল ইসলাম। তবে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিতি অনুষ্ঠানের গাম্ভীর্য ও রাষ্ট্রীয় কর্মসূচির মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহলে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র দে বলেন, আমি নতুন যোগদান করেছি। বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ বলেন, সরকারী অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার উপস্থিতি কাম্য নয়। ইউএনওকে প্রত্যাহার করতে হবে। উপজেলা জামায়াত নেতা হাবিবুর রহমান বলেন, এ নিষিদ্ধ দলের নেতাকে নিয়ে সরকারী অনুষ্ঠান করাটা কোনভাবেই মেনে নেয়া যায়না।





