নগরে ‘ডেভিল হান্টে’ আটক ৬ আ’লীগ নেতাকর্মী কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:০১:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় সিলেটে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনি ও রোববার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।রোববার (১৪ ডিসেম্বর) রাতে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা থানাধীন কায়স্তরাইলের কনকর্ড আবাসিক এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ (৩৬), এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেটের মো. ফেরদৌস রহমান (২৩), জালালাবাদ থানার সোনাতলা গ্রামের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫), মোগলাবাজার থানার জাহানপুরের বাসিন্দা, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান থানার সাদিপুর নোয়াগাঁওয়ের মুমিনুল ইসলাম মুমিন (৩৫) এবং শাহপরাণ থানার মেন্দিবাগ এলাকার বাসিন্দা ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ (৩৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার সকলেই বিস্ফোরক উপাদানাবলী, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড মামলার সন্ধিগ্ধ আসামী। সবাইকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।





