মৌলভীবাজারে ধর্ষণ মামলার আসামী র্যাবের জালে
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:০৬:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জুড়ী থানার অপহরণ ও ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. হোসেন মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯। রোববার (১৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, ভিকটিম উত্তর সাগরনাল এলাকার বাসিন্দা। আসামি ভিকটিমের বাড়িতে নিয়মিত যাতায়াত করত এবং তার উপর বিভিন্নবার ধর্ষণের চেষ্টা চালিয়েছিল। গত ২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আসামি ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম নিজেই মামলা দায়ের করলে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।





