কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থার ওয়েবসাইট https://acas.edu.bd/ এর তথ্য অনুযায়ী, আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১ টি। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। যেসব শিক্ষার্থী সিলেট কেন্দ্র নির্ধারণ করেছেন, তাদের পরীক্ষা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।





