আটক ১৩ জুয়াড়ি কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০৮:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক ১৩ জুয়াড়িকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার তাদেরকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক সবাইকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নরসিংহ টিলা কবরস্থানের সামনে ফুটপাতের রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, নগরীর ভাতালিয়া এলাকার মৃত আমান উল্লাহর ছেলে বদরুল ইসলাম (৬১) ও মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকার দোলন দেবের ছেলে দিপু দেব (১৯)। একই দিন বিকেল ৪টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকায় ফুলকলির সামনের রাস্তায় আরেকটি অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অনলাইন জুয়া খেলার সময় সেখান থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো নগরীর ঘাসিটুলা এলাকার ফকির মিয়ার ছেলে জিসান আহমেদ (১৯) ও সিলেট জেলার বিয়ানীবাজার থানার উজানঢাকি এলাকার আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯)।
এছাড়া একই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি রাস্তার পাশে ওয়ারিছ মিয়ার মার্কেটের একটি দোকানে অভিযান পরিচালনা করেন। দোকানে জুয়া খেলার সময় নয়জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, সিলেট জেলার এয়ারপোর্ট থানার চাতলী বন্দ এলাকার হাসেম আলীর ছেলে আব্দুর রব (৪৫) ও আনিচ আলীর ছেলে আব্দুর কাহির (৪৫), নাজিরেরগাঁও এলাকার হারিচের ছেলে আব্দুল লতিব (৪০), আসিদ আলীর ছেলে হারিচ মিয়া (৪৫), আব্দুল মতলেবের ছেলে দেলোয়ার হোসেন (৫৫), মুক্তাদীরের ছেলে রকিব উদ্দীন (৩৮), কুমারগাঁও এলাকার মৃত আছর উদ্দীনের ছেলে মোঃ তোফাজ্জল (৪৫), নয়াখুরুমখোলা এলাকার লালু মিয়ার ছেলে আমীর আব্দুর শহীদ (৪০) ও টুকেরগাঁও এলাকার ছালাক মিয়ার ছেলে ফাজিল আহম্মদ (৪৫)। আটকৃতদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।





