২ সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ ৩৩,৫৪২ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৩৩ হাজার ৫৪২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। প্রতিবদেনের তথ্য বলছে, নির্বাচনসংক্রান্ত ব্যয় এবং পাঁচটি ব্যাংকের মূলধন সহায়তায় অর্থ ছাড়ের কারণে মাত্র ১৪ দিনের ব্যবধানে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ বেড়েছে ৩৩,৫৪২ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে সরকারের ব্যাংকঋণ ছিল খুবই সীমিত। এর প্রধান কারণ ছিল উন্নয়ন ব্যয় কার্যত স্থবির থাকা। তবে পরবর্তী দুই সপ্তাহেই পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের ৮ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ৪৫,২৩৯ কোটি টাকা। এর বিপরীতে, একই অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে সরকারের নিট ব্যাংকঋণ ছিল মাত্র ১১,৬৯৭ কোটি টাকা, যা হঠাৎ ঋণ বৃদ্ধির মাত্রা স্পষ্ট করে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১.০৪ লাখ কোটি টাকা। সর্বশেষ ঋণসহ এখন পর্যন্ত নেওয়া হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় ৪৩ শতাংশ।
ব্যাংকাররা জানিয়েছেন, সাধারণত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এসে সরকারের ঋণ গ্রহণ বেড়ে যায়। তবে তাদের মতে, গত দুই সপ্তাহে ঋণ হঠাৎ বেড়ে যাওয়ার মূল কারণ হলো পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় ভর্তুকি হিসেবে অর্থ ছাড় এবং নির্বাচনকালীন ব্যয়।





