জগন্নাথপুরে অবৈধ দোকান ঘর উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৭:২৮:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সরকারি ভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানা যায়, পাটলী ইউনিয়নের কামিনীপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে মুজিব মিয়া রসুলগঞ্জ বাজার এলাকার ডাউকা নদীর পাড় দখল করে অবৈধভাবে একটি দোকানঘর নির্মাণ করেন। সরকারি ভূমি উদ্ধারে চলতি বছরের ২০ মার্চ ইমরান আহমদ, জুলফিকার আহমদ মনি, কাওছার আহমদসহ ৬জন স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়ের করেন। অভিযোগ দায়েরের পর সরকারি ভূমিতে থাকা দোকান ঘরটি অপসারন করার জন্য বলা হলে মুজিবুর রহমান দোকানঘরটি অপসারণ করেননি। অবশেষে বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দোকানটি উচ্ছেদ করে সরকারী ভূমিটি উদ্ধার করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন জানান, রসুলগঞ্জ বাজারে সরকারি ভূমিতে থাকা অবৈধ দোকান ঘর ভেঙ্গে দেয়া হয়। এ সময় অবৈধ দোকান নির্মাণকারী কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সরকারি ভুমি দখলদারদের কবল থেকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।





