নগরে বিপুল ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৯:০৮:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় ২ হাজার ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসএমপি পুলিশ সূত্রে জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহপরান (র.) থানাধীন রাজপাড়া এলাকার সুরভী-১২ লাবিলা ভবনে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— সিলেট জেলার গোয়াইনঘাট থানার ফুলতৈল এলাকার আজমান আলীর ছেলে জুনেদ আহমেদ (২৫), জকিগঞ্জ থানার শাহজালালপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমেদ (২৮) এবং কানাইঘাট থানার বাঙালিপাড়া এলাকার হেলাল আহমেদের ছেলে রুবেল আহমেদ (২৬)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, একই দিন দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরের সোবহানীঘাট পয়েন্ট সংলগ্ন মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট নামীয় পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন— কোতোয়ালী থানার শেখঘাট এলাকার মো. আলী আকবরের ছেলে আসিফ করিম জনি (২৫)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক আইনের পৃথক মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





