মৌলভীবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আমিনুলের মনোনয়ন উত্তোলন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৬:১৩:৫৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার দুপুরে নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে বড়লেখা ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী ও উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমানের হাত থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন উত্তোলনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমদ, অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান জানান, বুধবার জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তিনিই প্রথম মনোনয়ন উত্তোলনকারি প্রার্থী।





