রাজধানীতে বিজিবি মোতায়েন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রাজধানী ঢাকার বিমানবন্দর ও যমুনাসহ বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবি জানিয়েছে, ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে রাজধানীর বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যমুনা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।





