রুদ্র সেনের পরিবারের সাথে দুই প্রার্থীর সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯:১৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
জুলাই বিপ্লবে শহীদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্রার্থী।
সাক্ষাতে অংশ নেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’-এর জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদপ্রার্থী শাকিল মাহমুদ।
সোমবার সকালে শহীদ রুদ্র সেনের বাড়িতে যান তারা। এ সময় তারা শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার অফিস সম্পাদক ও জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম।
এ বিষয়ে মুজাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘উত্তরবঙ্গের হাঁড়কাঁপানো শীতে সকালে শহীদ রুদ্র সেনের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। পুরোনো বাড়িটিতে শূন্যতা স্পষ্টভাবে অনুভূত হয়েছে। রুদ্র সেনের মা এখনও সন্তানের শোকে কান্নায় ভেঙে পড়েন। তার বাবা অনেক আগে চাকরি থেকে অবসর নিয়েছেন এবং জীবিকার জন্য দেওয়া দোকানটিও ছেড়ে দিয়েছেন। রুদ্র সেনের বোন বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তাকে হাবিপ্রবিতে চাকরির প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। তিনি বলেছেন, যে কোটার জন্য তার ভাই জীবন দিয়েছেন, সেই কোটার সুবিধা নিয়ে তিনি কোনো চাকরি করবেন না। এটিই জুলাইয়ের প্রকৃত স্পিরিট। আমরা জুলাই বিপ্লবের সকল শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোকে নিয়মিত দায়িত্ব হিসেবে নিয়েছি। আমাদের চলার পথে শহীদ রুদ্র সেনের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।’





