প্রাথমিকের মেধা যাচাই পরীক্ষা নিয়ে জটিলতা
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৭:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আইনি জটিলতায় আটকে গেছে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবকের করা রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ মেধা যাচাই পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেছেন। ফলে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, ২১ থেকে ২৪ ডিসেম্বর পঞ্চম শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষক-শিক্ষার্থীরা সেভাবে প্রস্তুতিও নিয়েছেন। অনেক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা শেষে এখনো পড়ার টেবিলে। কয়েক লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে সারা বছর প্রস্তুতি নিয়েছে এবং এখনো নিচ্ছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এন এম মাহবুব আলম বলেন, গত ১৭ ডিসেম্বর তারিখে হাইকোর্ট আদেশ দেন। এরপর চিঠি বা কোনো আদেশ না পেয়ে আমরা অধিদপ্তরে যোগাযোগ করেছিলাম। অধিদপ্তর জানিয়েছে পরীক্ষা নেওয়া যাবে না। তারা এটা নিয়ে চিঠি বা আদেশ পাঠাবেন। তবে এখনো আমরা পাইনি। তিনি বলেন, যেহেতু মৌখিকভাবে আমরা জেনেছি পরীক্ষা নেওয়া যাবে না, তাই নেবো না। পরীক্ষার প্রশ্নপত্রসহ সবই আমাদের কাছে আছে। কিন্তু আদালতের নির্দেশের কারণে পরীক্ষাটা নেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে জানতে অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে অধিদপ্তর বেকায়দায় পড়েছে। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে না পারলে নতুন শিক্ষাবর্ষে পরীক্ষা নেওয়াটা ঝামেলাপূর্ণ হবে।





