৫ মাসে রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৮:২৩:০১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশের বেশি, কিন্তু তা সত্ত্বেও লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২৪ হাজার ৪৭ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত পাঁচ মাসে ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা। কেবল নভেম্বর মাসেই লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে প্রায় ৬ হাজার ৬৬৭ কোটি টাকা। যদিও আলোচ্য মাসে আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশের সামান্য বেশি।
সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রা কমানো হলেও, চলতি বছরে তার ব্যতিক্রম হয়েছে। সরকার ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪ দশমিক ৯৯ লাখ কোটি টাকা থেকে ৫ দশমিক ৫৪ লাখ কোটি টাকায় উন্নীত করেছে।
অর্থাৎ, বিদ্যমান লক্ষ্যমাত্রা প্রায় ১১ শতাংশ বাড়ানো হয়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরে আদায়কৃত রাজস্বের সঙ্গে তুলনা করলে নতুন লক্ষ্য অর্জনে রাজস্ব আহরণে ৪৯ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞ।
এনবিআরের গত পাঁচ মাসের রাজস্ব আদায়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, প্রতি মাসে গড়ে রাজস্ব আদায় হয়েছে ৩৪ হাজার ৬০৪ কোটি টাকা। অথচ লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে পরবর্তী মাসগুলোতে গড়ে প্রায় ৫৮ হাজার কোটি টাকা করে আদায় করতে হবে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ মাসে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ছিল তুলনামূলকভাবে ভালো, প্রায় ২২ শতাংশ, আর সবচেয়ে পিছিয়ে রয়েছে আমদানি কর, যেখানে আদায় ৫ শতাংশের সামান্য বেশি। আয়কর আদায়ের প্রবৃদ্ধি ১৭ শতাংশ।





