লালাবাজারে পৌনে ১ কোটি টাকার চোরাইপণ্য আটক
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৯:০৭:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে লালাবাজার এলাকার প্রবাসী আজিজুর রহমানের মালিকানাধীন একটি বাসার ভাড়াটিয়ার বসত কক্ষে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, লালাবাজার থেকে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, ফেসওয়াশ, ফেইস পাউডার ও বডি স্প্রেসহ বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। এসবের বাজারমূল্য ৭৫ লাখ ৭ শত টাকা। পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় পলাতক আসামীদের সনাক্তকরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।
এসএমপি পুলিশ সূত্র জানিয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার প্রবাসী আজিজুর রহমান মাখন মিয়ার বাসার ভাড়াটিয়ার কক্ষে অভিযান পরিচালনা করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বেটনোভেট ক্রিম, ক্লপ-জি ক্রিম, স্কিন সানরাইজ ক্রিম, হোয়াইট টোন ফেইস পাউডার, মেলনর ক্রিম, স্কিন বাইট ক্রিম, ফগ বডি স্প্রে, নিভিয়া ক্রিম, পন্ডস ক্রিম ও মামাআর্থ রাইস ফেইসওয়াশ জব্দ করা হয়।





