জৈন্তায় ইয়াবাসহ ৩ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৯:০৮:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজারে অবস্থিত হাজী মহসিন কমপ্লেক্সের নিচতলার পশ্চিম পাশের ২নং দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— জৈন্তাপুর উপজেলার ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৮), রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছলের ছেলে জিসান (২০) এবং গোয়াইনঘাট উপজেলার লাউবিল জুলাই গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে মারুফ আহমদ (২৬)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





