সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েল খানের মনোনয়ন সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮:১০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।বুধবার তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া এবং জেলা আইবিডব্লিউএফের সভাপতি ফরিদ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন, আগামী দিনের সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, দুর্নীতি ও শোষণমুক্ত সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলতে হবে। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই।





