সিলেটের ৬টি আসনে ৩৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:০৯:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন এমপি প্রার্থী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, জেলার ৬ আসনে ১০ টি দলের ২৯ জন ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির ৮ জন, জামায়াতে ইসলামীর ৩ জন, জাতীয় নাগরিক পার্টির ৩ জন (এনসিপি), খেলাফত মজলিসের ১ জন, গণ অধিকার পরিষদের ৪ জন, জমিয়তে উলামায়ে ইসলামের ১ জন ও জাতীয় পার্টির (জিএম কাদের) ২ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, গণফোরামের ১ জন এবং স্বতন্ত্র ৫ জন।
নির্বাচন অফিসের তথ্য মতে, সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১ জন করে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট-২ আসনে বিএনপির ২ জন, খেলাফত মজলিসের ১ জন, গণ অধিকার পরিষদের ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন ও গণফোরামের ১ জনসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট-৩ আসনে বিএনপির ২ জন, জামায়াতে ইসলামীর ১ জন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, জাতীয় পার্টি (জিএম কাদের) ১ জন ও স্বতন্ত্র ২জনসহ মোট ৯জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।সিলেট-৪ আসনে বিএনপির ১ জন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১ জন, গণঅধিকার পরিষদের ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন ও জাতীয় পার্টি (জিএম কাদের) ১জন সহ মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামী ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ১ জন ও স্বতন্ত্র প্রার্থী ২জনসহ মোট ৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এছাড়া সিলেট-৬ আসনে বিএনপি ২ জন, গণ অধিকার পরিষদের ১ জন ও স্বতন্ত্র ১জনসহ মোট ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের ৬ আসনে মোট ৩৪ জন প্রার্থী সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য আর ৩ দিন সময় রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।





