কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৪০:৫৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেস-২ এর অভিযানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেস-২ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে এসআই মো. সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানের অংশ হিসেবে উত্তর রনিখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিনকে তার লামাগ্রামস্থ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নজির উদ্দিন মৃত আব্দুল হামিদের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





