কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত লড়াই চলবে : জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৮:৫০:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতির ওপর থেকে কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী লড়াই-সংগ্রাম করে যাবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে শুক্রবার (২৬ ডিসেম্বর) এ কথা বলেন তিনি। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
ডা. শফিকুর রহমান বলেন, সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। শিক্ষা ব্যবস্থায় ভালো ক্যারিক্যুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে।
জামায়াত আমীর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়, সন্ত্রাস ও অনিশ্চয়তার যে কালো ছায়া নেমে এসেছিল, তা এখনো পুরোপুরি কাটেনি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবিরের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, আজ এই পরিবেশ নিশ্চিত করার প্রধান দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরের ওপর অর্পিত হয়েছে। কারণ এই সংগঠনের জন্মই হয়েছে জাতি গঠনের কারিগর তৈরি করার জন্য।





