শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ৭৫ হাজারের বেশি আবেদন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৩:০৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৭৫ হাজার ৪৬ জন শিক্ষার্থী।
শুক্রবার(২৬ ডিসেম্বর) রাতে ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গত ৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ জানুয়ারি একই সময়ে বি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ঢাকা ও সিলেটের বিভিন্ন কেন্দ্রে একযোগে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সোসাইটিজ মেরিট অ্যালোকেশন (এসএমএ) কোটার আওতায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





