বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:১৪:৩৩ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের চান্দলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুরাদ আহমদ (২২)। তিনি ওই এলাকার আমির উদ্দিনের ছেলে।
শনিবার সকালের নাস্তা নিয়ে ডাকতে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান এক মা। এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার স্বজন ও এলাকাবাসী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান মুরাদ। পরদিন সকালে নাস্তা নিয়ে তার মা ছেলেকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন স্বজনরা। এ সময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুরাদকে দেখতে পান তারা।
প্রথমে তাকে জীবিত ভেবে দ্রুত নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি জানান, ঘটনার আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।





