জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:১৫:২৪ অপরাহ্ন
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর সহযোগিতায় এবং এফআইডিবি-এর উদ্যোগে এন্টিসিপেটরি অ্যাকশন রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এএ এন্ড এসআরএসপি) প্রকল্পের আওতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে সোমবার সকালে সিলেট জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে পূর্বাভাসভিত্তিক বন্যার আগাম কার্যক্রম ও করণীয় বিষয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।
সভায় উপস্থিত ছিলেন ডাব্লিউএফপি এর সিলেট ফিল্ড অফিসের প্রধান মো, মামুনুর রশিদ, ডাব্লিউএফপি-এর ফোকাল-উজজ দেলোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস; এমএন্ডই অফিসার ইয়াছমিন খানম; উপজেলা কো-অর্ডিনেটর ফুজায়েল আহমেদ এবং কাওছার আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভার শুরুতে ডাব্লিউএফপি এর ফোকাল-উজজ দেলোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। প্রকল্পের কার্যক্রম উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের কার্যকর সম্পৃক্তকরণ, তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ফায়ার সার্ভিসের মাধ্যমে প্রশিক্ষণ আয়োজন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় ডাব্লিউএফপি সিলেট ফিল্ড অফিসের প্রধান মোঃ মামুনুর রশিদ প্রকল্পের উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
সমাপনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি





