সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানির অনুমোদন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:৩৭:০৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সুইজারল্যান্ডের সকার ট্রেডিং এসএর কাছ থেকে স্বল্পমেয়াদে এলএনজি আমদানির জন্য জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় জুমের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকার সরাসরি ক্রয় পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতি অনুসরণ করে জিটুজি (সরকার টু সরকার) প্রক্রিয়ার ক্রয় সম্পন্ন করার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সুপারিশ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সুইজারল্যান্ডের সকার ট্রেডিং এসএ কর্তৃক স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহের জন্য দাখিল করা প্রস্তাবটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর ৯৯(২) ও ১০৭ (২) বিধি অনুসারে জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উত্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে।





