জকিগঞ্জে শীতবস্ত্র বিতরণ শুরু
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৭:০৯:২৭ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলেছে। বর্তমানে রাতের বেলায় বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ে, আর দিনের বেশিরভাগ সময় থাকে অন্ধকারাচ্ছন্ন। ফলে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে রয়েছেন।
এ প্রেক্ষাপটে বুধবার জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, বিভিন্ন ইউনিয়নে শতাধিক অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালু থাকবে। তিনি আরও বলেন, সরকারি সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
প্রশাসনের পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং সামাজিক সংগঠনগুলোর প্রতি নিজ নিজ এলাকায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জকিগঞ্জ উপজেলার প্রতিটি এলাকাতেই শীত অনুভূত হচ্ছে, তাই সমভাবে সহযোগিতা প্রয়োজন।





