জগন্নাথপুরে শীতে জনজীবন বিপর্যস্ত
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৭:১২:০৭ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা:
গত ক’দিনের টানা প্রচন্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জগন্নাথপুর উপজেলার জনজীবন। শীতে সব চেয়ে সংকটে রয়েছেন নিম্ন আয়ের মানুষজন।
হাওর বেষ্টিত জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে বর্তমানে বোরো ধান রোপনের সময়। তীব্র শীতের কারণে কৃষকরা হাওরে চাষাবাদ করতে পারছেনা। অনেকেই প্রচন্ড শীতের কারণে কাজকর্ম না করতে পারায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। এছাড়া শীতবস্ত্রের অভাবে অনেক পরিবার চরম কষ্টে দিনাতিপাত কাটাচ্ছেন। শীতে শিশু সন্তান ও বৃদ্ধদের মাঝে দেখা দিয়ে রোগ বালাই।
হাড়কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিগত সময়ে শৈত্য প্রবাহের এ মৌসুমে সরকারী-বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করলেও এবার শীতবস্ত্র বিতরণ করতে কাউকে দেখা যায়নি। এদিকে, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অটোরিক্সা চালক সুজন মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর শীত বেশী। শীতের কারণে যাত্রীরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেননা। যাত্রীরা না থাকায় কষ্টে দিন কাটাচ্ছি। রানীগঞ্জ ইউনিয়নের কৃষক আনছার মিয়া জানান, এবার শীতের মাত্রা বেশী হওয়ায় ঠিকমতো জমিতে কাজ করা সম্ভব হচ্ছেনা। বাধ্য হয়ে হাওরে বোরো ধান রোপণ করতে হচ্ছে। সরকারের পাশাপাশি প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিত্তবানদের শীতার্ত মানুষদের পাশে এগিয়ে আসার আহবান জানিয়ে সচেতন নাগরিকবৃন্দ।





