সিকৃবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৬:০০:৩৪ অপরাহ্ন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ’ সিকৃবি কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিজ্ঞপ্তি





