ডিসেম্বরে সিলেটের সড়কে ঝরল ৩৭ প্রাণ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৭:৫৫:২৩ অপরাহ্ন

২০২৫ সালের ডিসেম্বর মাসে সিলেটের সড়কে ঝরেছে ৩৭ প্রাণ। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত বছরে ডিসেম্বরে সর্বাধিক নিহতের ঘটনা ঘটেছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় প্রাণহানি কিছুটা কম হলেও অন্য তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেক বেড়েছে। ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে হবিগঞ্জ জেলায়। ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। এ মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা অনেক বেড়েছে।
প্রকাশিত প্রতিবেদনে নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেলের চালক ও আরোহি রয়েছেন। ডিসেম্বর মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ২ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১৬ জন চালক ও ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১১ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন ও গাড়ি চাপায় ১৮টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। বিজ্ঞপ্তি





